হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ, আগুন
যোগফল প্রতিবেদক:
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রে স্থাপিত মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।
আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন একটি বিকল্প পথ ব্যবহার করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ট্যাঙ্কারটি এ ঘটনার মুখে পড়ে। বাহিনীটির দাবি, মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এবং রাডার ট্র্যাকিং ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রেখে জাহাজটি কৌশলে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছিল।
ঘটনার পর হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। ইরানের সামুদ্রিক নিরাপত্তা আইন ও বিধি লঙ্ঘন করে মার্কিন সামরিক শক্তির ওপর নির্ভর করে চলাচলকারী যেকোনো দেশি-বিদেশি জাহাজের বিরুদ্ধে আরও কঠোর আইনি ও সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে প্রভাব পড়তে পারে।
তবে ট্যাঙ্কারটির নাম, সংশ্লিষ্ট জাহাজের পতাকাবাহী দেশ, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইআরজিসির দেওয়া বক্তব্যের স্বাধীন যাচাইও পাওয়া যায়নি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন